ব্যক্তিত্বের ধারণা এবং ব্যক্তিত্বের সংলক্ষণ | Concept of Personality and Personality Traits

ব্যক্তিত্বের ধারণা এবং ব্যক্তিত্বের সংলক্ষণ (Concept of Personality and Personality Traits)- এই দুটি শব্দবন্ধে মানুষের স্বভাব, আচরণ এবং অনন্য সত্তার রহস্য উন্মোচনের চাবিকাঠি নিহিত রয়েছে। প্রাত্যহিক জীবনে আমরা নানা ধরনের মানুষের সংস্পর্শে আসি কেউ অত্যন্ত মিশুক প্রকৃতির, আবার কেউ বা ভীষণ লাজুক; কেউ সহজেই মেজাজ হারিয়ে ফেলেন, অথচ অন্য কেউ চরম সংকটের মুহূর্তেও শান্ত থাকেন। মানুষের মধ্যে দৃশ্যমান এই বৈচিত্র্যকেই মনোবিজ্ঞানের ভাষায় ‘ব্যক্তিত্ব’ বলা হয়, আর এই ব্যক্তিত্বের মূল ভিত্তি বা উপাদান হল তার সংলক্ষণ। কোনো ব্যক্তির মনস্তত্ত্বকে এবং কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে তিনি কেন বিশেষ কোনো আচরণ করেন, তা সঠিকভাবে বোঝার জন্য ব্যক্তিত্ব এবং সংলক্ষণের ধারণটি আয়ত্ত করা একান্ত আবশ্যক।
ব্যক্তিত্ব (Personality)
ব্যক্তিত্বের অর্থ
ব্যক্তিত্ব হল ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি। ব্যক্তিত্ব, চিন্তাভাবনা, অনুভূতি এবং আচরণের একটি চরিত্রগত উপায়। ব্যক্তিত্ব মেজাজ, মনোভাব এবং চিন্তাভাবনার প্রকৃতি বিশ্লেষণ করে এবং ব্যক্তিদের আচরণধারার মাধ্যমে তার প্রকাশ ঘটায়। এটি সহজাত এবং অর্জিত উভয় প্রকারই হতে পারে, যা একজনকে অন্য ব্যক্তির থেকে আলাদা করে এবং যা পরিবেশ এবং সামাজিক গোষ্ঠীর সাথে মানুষের আচরণধারার মধ্যে পরিলক্ষিত হয়। যেমন- একজন ব্যক্তির উপস্থিতি, তার দৈহিক গঠন, পোশাক, হাঁটা চলার এবং কথাবলার ভঙ্গী দেখে তার ব্যক্তিত্ব সম্বন্ধে মন্তব্য করি।
ব্যক্তিত্বের ইংরেজি সমতুল্য হল ‘পার্সোনালিটি’ (Personality) শব্দটি ল্যাটিন শব্দ ‘পারসোনা’ (Persona) থেকে এসেছে। এর অর্থ অভিনয়ের সময় অভিনেতা দ্বারা ব্যবহৃত মুখোশ। পৌরাণিক গ্রীক থিয়েটারে ব্যবহৃত এই মুখোশ বা ‘Persona’ থেকেই সাধারণত ব্যক্তিসত্তা শব্দটি প্রচলিত হয়েছে। ব্যক্তিত্ব হল একজন ব্যক্তির চেহারা, ক্ষমতা, মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি, আবেগ, অভিজ্ঞতা এবং শারীরিক আকৃতি ও রূপের সমন্বয়। এছাড়া এ সকল গুণের এক অনন্য ও অতুলনীয় সমন্বয়ের ভিত্তিতে যে ব্যক্তির প্রতিমূর্তি তৈরি হয় তাকে ব্যক্তিত্ব বলে।
ব্যক্তিত্বকে সমাজ কাঠামো থেকে আলাদা করা যায় না। ব্যক্তি তার সমাজের ব্যক্তিবর্গ, তাদের আচরণ, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ, এ সমস্ত উপাদানের সাথে পারস্পরিক সম্পর্কে অবতীর্ণ হয়। এই পারস্পরিক সম্পর্কের ফল হিসাবে ব্যক্তি একটি ব্যক্তিত্ব অর্জন করে। অর্থাৎ, ব্যক্তির সাথে সমাজের বিভিন্ন উপাদানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলেই ব্যক্তিত্বের উদ্ভব হয়। ব্যক্তিত্ব শব্দটি বিভিন্ন উপায়ে সংজ্ঞায়িত করা হয়েছে, কিন্তু একটি মনস্তাত্ত্বিক ধারণা হিসাবে দুটি প্রধান অর্থ বিকশিত হয়েছে। যথা- প্রথমটি মানুষের মধ্যে বিদ্যমান সামঞ্জস্যপূর্ণ পার্থক্যগুলির সাথে সম্পর্কিত: এই অর্থে, ব্যক্তিত্বের অধ্যয়ন তুলনামূলকভাবে স্থিতিশীল মানুষের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যগুলিকে শ্রেণিবদ্ধকরণ এবং ব্যাখ্যা করার ওপর দৃষ্টি নিবদ্ধ করে। দ্বিতীয় অর্থ সেইসব গুণাবলির ওপর জোর দেয় যা সকল মানুষকে একই রকম করে তোলে এবং যা মনস্তাত্ত্বিক মানুষকে অন্যান্য প্রজাতি থেকে আলাদা করে। যেহেতু ব্যক্তিত্বের মূল্যায়নের ব্যাপারে কোনো নির্দিষ্ট ধারণা দেওয়া কঠিন সেহেতু ব্যক্তিত্বের কিছু সাধারণ সংজ্ঞা থাকা উচিত। বিভিন্ন মনোবিজ্ঞানী এই লক্ষ্যেই বিভিন্ন সময়ে ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করেছেন।
ব্যক্তিত্বের সংজ্ঞা
Morton Prince (1929)-এর মতে, “ব্যক্তিসত্তা হল একজন ব্যক্তির সকল প্রকারের অর্জিত ও সহজাত জৈবিক প্রবণতা, অনুভূতি, আকাঙ্ক্ষার ও প্রবৃত্তির সমন্বয়।” (Personality is the sum total of all the biological innate dispositions, impulses, tendencies, appetites and instincts of the individual and the dispositions and tendencies acquired by experiences)
J.B. Watson (1930)-এর মতে, “ব্যক্তিত্ব বলতে ব্যক্তির সকল প্রকার কর্মকাণ্ড যা দীর্ঘকালব্যাপী পর্যবেক্ষণের ফলস্বরূপ উন্মোচিত হয় এবং ব্যক্তিসত্তাকে বিশ্বাসযোগ্য তথ্য প্রদান করে।” (Personality is the sum of activities that can be discovered by actual observations over a long enough period of time to give reliable informations)
Warren (1934)-এর মতে, “ব্যক্তিত্ব হল কোনো ব্যক্তির চিন্তা, অনুভূতি, ইচ্ছে এবং শারীরিক বৈশিষ্ট্যসমূহের সমন্বিত সংগঠন, যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করে।” (the integrative organization of all the cognitive, affective, cognitive and physical characteristics of an individual as it manifests itself in focal distinction from others)
G.W. Allport (1948)-এর মতে, “ব্যক্তিসত্তা হল ব্যক্তির অন্তঃস্থিত জৈব-মানসিক সত্তার এক গতিশীল সংগঠন যা তাকে পরিবেশের সঙ্গে সাধারণভাবে মানিয়ে নিতে সহায়তা করে।” (Personality is a dynamic organisation within the individual of those psychophysical systems that determine his unique adjustment to his environment)
Woodworth (1957)-এর মতে, “ব্যক্তিসত্তা হল ব্যক্তির আচরণের সামগ্রিক প্রকৃতি।” (Personality is the total quality of an individual’s behaviour)
ব্যক্তিত্বের বৈশিষ্ট্য
- ব্যক্তিত্ব হল ব্যক্তির সামগ্রিক আচরণের গুণগত বৈশিষ্ট্য।
- ব্যক্তিত্ব সর্বদাই পরিবর্তনশীল, এটি কখনই স্থির থাকে না।
- ব্যক্তিত্ব হল একজন ব্যক্তির একক চারিত্রিক গুণাবলি। প্রত্যেক ব্যক্তির একটি নিজস্বতা আছে।
- ব্যক্তিত্ব জন্মগত ও অর্জিত উভয়ই হতে পারে।
- একজন ব্যক্তির ব্যক্তিত্ব বংশগতি ও পরিবেশের সংস্পর্শে গড়ে ওঠে।
ব্যক্তিত্বের সংলক্ষণ (Personality Traits)
সংলক্ষণ-এর ধারণা
একজন ব্যক্তির ব্যক্তিত্ব তার আচরণধারার মধ্য দিয়ে প্রকাশ পায়। সংলক্ষণ হচ্ছে ব্যক্তির এমন একটা দিক বা অভিব্যক্তি, যা এক ব্যক্তিকে অন্য ব্যক্তি থেকে পৃথক করে। সহজ ভাষায় বলতে গেলে, ব্যক্তিসত্তার মধ্যে অর্জিত ও অনর্জিত জৈব-মানসিক উপাদান হিসাবে কতকগুলি প্রবণতা, আকাঙ্ক্ষা, প্রবৃত্তি প্রভৃতি দেখতে পাই যাদেরকে ব্যক্তিসত্তার সংলক্ষণ (Personality traits) বলা হয়। সংলক্ষণ হল প্রতিটি ব্যক্তির মধ্যে যে নিজস্বতা আরোপিত হয়েছে। ব্যক্তির আচরণের মধ্যে যে যে গুণ ও বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়, যেগুলির দ্বারা আমরা সেই ব্যক্তি সম্পর্কে একটা ধারণা গঠন করি। যেমন- সত্যবাদী, নির্ভীক, মিথ্যাবাদী, ভীরু, সাহসী ইত্যাদি বৈশিষ্ট্যকে সংলক্ষণ বলা হয়। এই সংলক্ষণগুলি পরিমাপ করার মধ্য দিয়েই ব্যক্তিসত্তাকে আমরা পরিমাপ করে থাকি।
ব্যক্তিত্বের সংলক্ষণের বৈশিষ্ট্য
নিম্নে ব্যক্তিত্বের সংলক্ষণের কতকগুলি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য উল্লেখ করা হল-
- সংলক্ষণ জন্মগত নয়, অর্জিত।
- সংলক্ষণ একজন ব্যক্তির নিজস্বতার ভাব পরিলক্ষিত হয়।
- একজন ব্যক্তির সংলক্ষণগুলি পরিমাপযোগ্য।
- ব্যক্তির আচরণের মধ্য দিয়ে সংলক্ষণগুলি প্রকাশিত হয়।
- সংলক্ষণগুলির যোগফলই ব্যক্তিত্ব নয়, এগুলি পরস্পর মিলে পূর্ণাঙ্গ ব্যক্তিসত্তার জন্ম দেয়।
আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- দাস, কৌশিক। নির্দেশনা ও পরামর্শদানের মৌলিক নীতিসমূহ। গ্লোবাল নেট পাবলিকেশন, কলকাতা।
- Aggarwal, J.C. Essentials of Educational Psychology (2nd Ed.). Vikas Publishing House PVT LTD., New Delhi.
- ঘোষ, সনৎ কুমার। শিক্ষায় সঙ্গতি-অপসঙ্গতি এবং নির্দেশনা। ক্লাসিক বুকস্।
- ঘোষ, সনৎ কুমার। শিখনে মনস্তাত্ত্বিক ভিত্তি। ক্লাসিক বুকস্, কলকাতা।
- নাগ, ড. সুবীর., দত্ত, ড. গার্গী। সঙ্গতিবিধান নির্দেশনা ও পরামর্শদান। রীতা বুক এজেন্সি।






