প্রশ্ন-ব্যাঙ্ক | Question Bank

প্রশ্ন-ব্যাঙ্ক (Question Bank) যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার চাবিকাঠি। প্রশ্ন-ব্যাঙ্ক একজন শিক্ষার্থীর মধ্যে আত্মবিশ্বাসের সঞ্চার করে এবং তার সাথে সাথে পরীক্ষা ভীতি দূরীকরণে সহায়ক। এটি মূলত একজন শিক্ষার্থীর জন্য মানচিত্রের কাজ করে।
প্রশ্ন-ব্যাঙ্কের অর্থ
ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো কিছু সংরক্ষণের স্থানকে বলে ভাণ্ডার বা ব্যাঙ্ক (Bank)| উদাহরণস্বরূপ কয়েকটি সংরক্ষণের স্থানের নাম হল- রক্ত ভাণ্ডার (Blood Bank), তথ্য ভাণ্ডার (Data Bank), পুস্তক ভাণ্ডার (Book Bank) ইত্যাদি। এই ধরনের একটি ভাণ্ডার হল প্রশ্নভাণ্ডার বা প্রশ্ন-ব্যাঙ্ক (Question Bank) — যেখানে প্রশ্নসমূহ সঞ্চিত থাকে। প্রয়োজনমত সেই সব প্রশ্নাবলী এখান থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। প্রকৃতপক্ষে এটি হল বিভিন্ন ধরনের প্রশ্নের সমাহার। সুতরাং, প্রশ্নভাণ্ডার হল এমন একটি সংরক্ষণের স্থান যেখানে বিভিন্ন ধরনের প্রশ্নপত্র, অভীক্ষা ও কৌশলসমূহ সঞ্চিত থাকে। এক্ষেত্রে শিখন-শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষার্থীর সামগ্রিক মূল্যায়নের জন্য শিক্ষক সুশৃঙ্খল ও সুপরিকল্পিতভাবে প্রশ্নপত্রের যে ভাণ্ডার প্রস্তুত ও সংরক্ষণ করেন, তাকেই বলা হয় প্রশ্নভাণ্ডার বা প্রশ্ন-ব্যাঙ্ক।
প্রশ্ন-ব্যাঙ্কের উদ্দেশ্য
প্রশ্ন-ব্যাঙ্ক (Question Bank) হল বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের জন্য ব্যবহৃত সুসংগঠিত প্রশ্নাবলীর একটি ডিজিটাল বা লিখিত সংগ্রহ। এর অন্যতম উদ্দেশ্য হল ব্যবহারিক দিক থেকে শিক্ষার্থীর মূল্যায়ন প্রক্রিয়াকে কার্যকরী ও ফলপ্রসূ করে তোলা। এছাড়াও এর অন্যান্য উদ্দেশ্যগুলি হল-
- পাঠদান প্রক্রিয়া শুরু হওয়ার পূর্বে শিক্ষার্থীর প্রাথমিক দুর্বলতা সম্বন্ধে ওয়াকিবহাল হতে শিক্ষককে সাহায্য করা।
- পাঠ-চলাকালীন মূল্যায়ন (Formative Evaluation)-এ শিক্ষার্থীর অভিজ্ঞতা সম্পর্কে ধারণা গঠন করতে সাহায্য করা।
- পাঠদানের শেষে মূল্যায়ন (Summative Evaluation) কালে শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়ে সহায়তা করা ইত্যাদি।
প্রশ্ন-ব্যাঙ্ক সম্পর্কিত তথ্যসমূহ
প্রশ্নভাণ্ডার বা প্রশ্ন-ব্যাঙ্ক কতকগুলি গতানুগতিক প্রশ্নের সমাহার নয়। এখানে প্রশ্ন সম্পর্কে যাবতীয় তথ্য উল্লেখ করতে হবে। এই সমস্ত দিকগুলি হল- (১) প্রশ্নের প্রকৃতি, (২) প্রশ্নের কাঠিন্য মান, (৩) প্রতিটি প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা, (৪) প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত সময়সীমা, (৫) প্রতিটি প্রশ্নের জন্য নির্ধারিত নম্বর, (৬) প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য মানপত্র (Scoring Key), (৭) বিষয়বস্তুগত এলাকা (Content Area), (৮) জ্ঞানমূলক ক্ষমতা অর্থাৎ জ্ঞান, প্রয়োগ, বোধগম্যতা, দক্ষতা ইত্যাদি পরিমাপের ক্ষেত্র প্রভৃতি।
সংরক্ষিত প্রশ্নের ধরন
প্রশ্নভাণ্ডার বা প্রশ্ন-ব্যাঙ্কে সংরক্ষিত প্রশ্নের ধরনগুলি হল- (১) বস্তুধর্মী প্রশ্ন, (২) সুনির্দিষ্ট উত্তরসহ সংক্ষিপ্ত প্রশ্ন, (৩) ব্যবহারিক পরীক্ষার জন্য প্রশ্নসমূহ, (৪) প্রকল্পমূলক কাজ বা বহিরঙ্গ অনুসন্ধানমূলক কার্য (Project Work or Field Work), (৫) কোনো নির্দিষ্ট কাজ (Assignment)-এর জন্য প্রশ্নসমূহ ইত্যাদি। এখানে রচনাধর্মী প্রশ্ন সংরক্ষিত হবে না। কারণ এই ধরনের প্রশ্নের উত্তর সুনির্দিষ্ট না হওয়ার জন্য নম্বর প্রদান পদ্ধতির ক্ষেত্রে নির্ভরযোগ্যতার অভাব দেখা যায়।
প্রশ্ন-ব্যাঙ্কের সুবিধা
বর্তমানে পরীক্ষাধর্মী শিক্ষাব্যবস্থায় প্রশ্নভাণ্ডার বা প্রশ্ন-ব্যাঙ্কের সুবিধাগুলি হল-
- পারদর্শিতা বিষয়ক অভীক্ষা (Achievement Test)-র পরিপূরক হিসাবে এটি ব্যবহার করা যেতে পারে।
- শিক্ষার্থীদের সম্পর্কে পাঠ-চলাকালীন ও পাঠদান শেষে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষককে যথাক্রমে তার প্রাথমিক জ্ঞান, দুর্বলতা ও অর্জিত অভিজ্ঞতা পরিমাপ করতে সহায়তা করে।
- শিক্ষাক্ষেত্রে সময়ের সাশ্রয় ঘটায়, ফলে একাধিকবার প্রয়োজন অনুযায়ী এটি ব্যবহার করা যায়।
- প্রশ্নগুলির কার্যকারিতা যাচাই করে পরবর্তী পর্যায়ে এর উন্নতি সাধন খুব সহজেই সম্ভব হয়।
- প্রশ্ন-ব্যাঙ্কের ভিত্তিতে পরীক্ষা ব্যবস্থা অনুযায়ী পাঠক্রমের পুনর্গঠন ও মূল্যায়ন সম্ভবপর হয়।
প্রশ্ন-ব্যাঙ্কের অসুবিধা
এবার প্রশ্ন-ব্যাঙ্কের অসুবিধা নিয়ে আলোচনা করা যাক-
- প্রশ্ন-ব্যাঙ্ক সমস্ত রকম পরিমাপের সমস্যার জন্য যথেষ্ট নয়।
- প্রশ্ন-ব্যাঙ্ক যথাযথ ভাবে তৈরি করা নাহলে, সময় এবং শ্রমের অপচয় হতে পারে।
- এক্ষেত্রে যথেষ্ট নেতৃত্ব এবং সমন্বয়ের প্রয়োজন, এর অভাব হলে প্রশ্ন-ব্যাঙ্কের আর কার্যকারিতা থাকে না।
- পরীক্ষা ব্যবস্থার সংশোধনে কিংবা পাঠক্রমের পরিবর্তনে ক্ষেত্রে বাধা দিতে পারে।
- শিক্ষাক্ষেত্রে দুর্বল শ্রেণির ছাত্র-ছাত্রীদের মধ্যে চুরি এবং প্রতারণার প্রবণতা আনতে পারে।
বর্তমানে যেভাবে শিক্ষাব্যবস্থা পরীক্ষাকেন্দ্রিক হয়ে পড়েছে, তাতে শিক্ষার্থীর অর্জিত অভিজ্ঞতাকে সঠিকভাবে যাচাই করতে হলে প্রশ্নভাণ্ডার বা প্রশ্ন-ব্যাঙ্কের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এর ব্যবহারযোগ্যতা প্রশ্নাতীত রূপে স্বীকৃত। আবার এই ধরনের প্রশ্ন গঠন করা অত্যন্ত সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এছাড়া এই জাতীয় প্রশ্ন প্রণয়ন করতে হলে যে ধরনের অভিজ্ঞ শিক্ষকের প্রয়োজন তারও প্রচুর অভাব রয়েছে। অন্যদিকে, প্রশ্নভাণ্ডার বা প্রশ্ন-ব্যাঙ্ক তৈরি করতে হলে বিষয়ের (Subject) সব এলাকাতে (Area) অবাধ বিচরণ করার ক্ষমতা শিক্ষকের থাকতে হবে। কিন্তু এই ধরনের দক্ষতাসম্পন্ন শিক্ষকের সংখ্যা বড়োই অপ্রতুল। তা সত্ত্বেও শিক্ষার্থীর ও শিক্ষাব্যবস্থার সামগ্রিক স্বার্থে এর প্রাসঙ্গিকতা কোনো অংশে কম নয়।
আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- পাল, গোবিন্দ পদ., মিত্র, গঙ্গারাম। শিক্ষায় মূল্যায়ন। নব প্রকাশনী, কলকাতা।
- www.wisdomlib.org/concept/question-bank
- www.onlinenotebank.wordpress.com/






