উদ্বেগজনিত ব্যাধি : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা | Anxiety Disorders : An Overview

আধুনিক বিশ্বে মানসিক স্বাস্থ্যের অবনতির অন্যতম প্রধান কারণ হল উদ্বেগজনিত ব্যাধি (Anxiety Disorders: An Overview)। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, যার মধ্যে উদ্বেগজনিত ব্যাধি শীর্ষস্থানে রয়েছে। দৈনন্দিন জীবনের চাহিদা, কর্মক্ষেত্রের চাপ বা অনিশ্চয়তার কারণে মাঝে মাঝে ভয় বা উদ্বেগ অনুভব করা খুবই স্বাভাবিক। তবে, যখন এই উদ্বেগ কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই দীর্ঘস্থায়ী হয় এবং ব্যক্তির স্বাভাবিক দৈনন্দিন কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটাতে শুরু করে, তখন তা আর কেবল একটি সাধারণ বা ক্ষণস্থায়ী আবেগ থাকে না; বরং একটি ‘উদ্বেগজনিত ব্যাধি’-তে রূপ নেয়। এটি কেবল সাময়িক মানসিক অস্থিরতা নয়, বরং একটি জটিল মনস্তাত্ত্বিক অবস্থা, যা একজন ব্যক্তির শারীরিক ও মানসিক ক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায়, এটিকে মানসিক ব্যাধির একটি স্বতন্ত্র শ্রেণি হিসেবে গণ্য করা হয়। এই আলোচনার মূল উদ্দেশ্য হল- উদ্বেগজনিত ব্যাধির বিভিন্ন ধরন, এর অন্তর্নিহিত মনস্তাত্ত্বিক কারণ এবং চিকিৎসার বৈজ্ঞানিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলো সম্পর্কে আলোকপাত করা।
উদ্বেগজনিত ব্যাধির অর্থ (Meaning of Anxiety Disorder)
অধিকাংশ মানুষই মাঝেমধ্যে উদ্বিগ্ন বোধ করেন। তবে, এই উদ্বেগ যদি ব্যক্তির দৈনন্দিন কাজকর্মকে ব্যাহত করে, তবে তা অস্বাভাবিক পর্যায়ে পৌঁছেছে বলে ধরে নেওয়া যেতে পারে। কর্মক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে, পরীক্ষার আগে, কিংবা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় ব্যক্তি উদ্বিগ্ন বোধ করতে পারেন। কিন্তু উদ্বেগজনিত ব্যাধি (Anxiety disorder) কেবল সাময়িক দুশ্চিন্তা বা ভয়ের চেয়ে অনেক বেশি গুরুতর। যারা এই সমস্যায় ভোগেন, তাদের উদ্বেগ সহজে দূর হয় না, বরং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হতে পারে।
উদ্বেগজনিত ব্যাধি হল মানসিক স্বাস্থ্যের সবচেয়ে সাধারণ সমস্যাগুলোর একটি, যা বয়স নির্বিশেষে যেকোনো ব্যক্তির ক্ষেত্রেই হতে পারে। আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন (American Psychiatric Association, APA)-এর তথ্য অনুযায়ী, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে এই ধরনের ব্যাধি বেশি শনাক্ত হয়। এটি এক ধরনের মানসিক স্বাস্থ্যগত সমস্যা। যদি কেউ এই ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে, তবে নির্দিষ্ট কোনো বস্তু বা পরিস্থিতির মুখোমুখি হলে সে তীব্র ভয় বা আতঙ্ক অনুভব করতে পারে। এছাড়া, এটি শারীরিক উপসর্গের মাধ্যমেও প্রকাশ পেতে পারে; যেমন- হৃদস্পন্দন দ্রুত হয়ে যাওয়া, বুক ধড়ফড় করা বা ঘাম হওয়া ইত্যাদি।
উদ্বেগের লক্ষণসমূহ (Symptoms of Anxiety)
উদ্বেগজনিত ব্যাধির (Anxiety disorder) ধরনের ওপর ভিত্তি করে এর লক্ষণগুলোও ভিন্ন হতে পারে। উদ্বেগজনিত ব্যাধির সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে:
শারীরিক লক্ষণ (Physical symptoms)
- হাত ঠান্ডা হয়ে যাওয়া বা ঘাম হওয়া (Cold or sweaty hands)।
- মুখ শুকিয়ে যাওয়া (Dry mouth)।
- হৃদস্পন্দন বেড়ে যাওয়া বা বুক ধড়ফড় করা (Heart palpitations)।
- বমি বমি ভাব (Nausea)।
- হাত বা পায়ে অসাড়তা বা ঝিনঝিন অনুভূতি (Numbness or tingling in hands or feet)।
- পেশিতে টান বা শক্ত ভাব (Muscle tension)।
- শ্বাসকষ্ট (Shortness of breath)।
মানসিক লক্ষণ (Mental symptoms)
- আতঙ্ক, ভয় ও অস্বস্তি বোধ করা (Feeling panic, fear and uneasiness)।
- দুঃস্বপ্ন দেখা (Nightmares)।
- অতীতের কোনো আঘাতমূলক অভিজ্ঞতার কথা বারবার মনে পড়া বা সেই স্মৃতি চোখের সামনে ভেসে ওঠা (Repeated thoughts or flashbacks of traumatic experiences)।
- নিয়ন্ত্রণহীন, আচ্ছন্ন করে রাখা চিন্তা (Uncontrollable, obsessive thoughts)।
আচরণগত লক্ষণ (Behavioural symptoms)
- স্থির বা শান্ত হয়ে থাকতে না পারা (Inability to be still and calm)।
- নির্দিষ্ট কোনো কাজ বারবার করার প্রবণতা; যেমন, বারবার হাত ধোয়া (Ritualistic behaviours, such as washing hands repeatedly)।
- ঘুমের সমস্যা (Trouble sleeping)।
উদ্বেগজনিত ব্যাধির প্রকারভেদ (Types of Anxiety Disorders)
উদ্বেগজনিত ব্যাধির বেশ কয়েকটি ধরন রয়েছে:
সাধারণীকৃত উদ্বেগজনিত ব্যাধি (Generalized Anxiety Disorder বা GAD)
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন ঘটনা বা পরিস্থিতি নিয়ে অতিরিক্ত উদ্বেগ ও দুশ্চিন্তায় ভোগেন। ব্যক্তির পক্ষে এই উদ্বেগ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে; পাশাপাশি তারা সবসময় এক ধরনের অস্থিরতা এবং তীব্র মানসিক উত্তেজনার (সবসময় সতর্ক বা উদ্বিগ্ন অবস্থায় থাকা) মধ্যে থাকেন। অনেক সময় কোনো সুনির্দিষ্ট কারণ বা উদ্দীপক ছাড়াই তাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হতে পারে।
প্যানিক ডিসঅর্ডার (Panic Disorder)
প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের হঠাৎ করেই তীব্র আতঙ্ক বা ভয়ের অনুভূতি হতে পারে, যাকে ‘প্যানিক অ্যাটাক’ বলা হয়। এগুলোর নিয়ন্ত্রণ বা সামলানো বেশ কঠিন হয়ে থাকে। এর সাথে প্রায়শই শারীরিক কিছু লক্ষণ দেখা দেয়, যেমন- মাথা ঘোরা, শ্বাসকষ্ট হওয়া এবং অতিরিক্ত ঘাম হওয়া। এই সময় ব্যক্তি প্রচণ্ড মানসিক কষ্টের মধ্য দিয়ে যান; তাদের মনে হতে পারে যে বড় কোনো বিপদ ঘটতে চলেছে, অথবা তারা মারা যেতে পারেন কিংবা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন। কোনো স্পষ্ট কারণ ছাড়াই এই অ্যাটাকগুলো ঘটে, যার ফলে আক্রান্ত ব্যক্তি সবসময় এই ভয়ে থাকেন যে, আবারও হয়তো এমন কিছু ঘটতে পারে।
সামাজিক উদ্বেগজনিত ব্যাধি (Social Anxiety Disorder)
একে ‘Social phobia’ বা সামাজিক ভীতিও বলা হয়। এতে দৈনন্দিন সামাজিক পরিস্থিতিতে তীব্র উদ্বেগ এবং নিজেকে নিয়ে অতিরিক্ত সচেতনতা বা অস্বস্তি কাজ করে। আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই ভয় পান যে, অন্যরা তাদের বিচার করবে অথবা সবার সামনে তারা বিব্রত হবেন বা উপহাসের পাত্র হবেন।
সুনির্দিষ্ট অমূলক ভীতি (Specific Phobias)
এই সমস্যায় আক্রান্ত ব্যক্তি কোনো নির্দিষ্ট বস্তু বা পরিস্থিতির প্রতি তীব্র ও অযৌক্তিক ভয় অনুভব করে থাকে; যেমন, উচ্চতা বা বিমানে ভ্রমণ। এই ভয় প্রকৃত ঝুঁকির তুলনায় অনেক বেশি হয়, যার ফলে আক্রান্ত ব্যক্তি প্রায়শই দৈনন্দিন সাধারণ পরিস্থিতিগুলো এড়িয়ে চলেন।
অ্যাগোরাফোবিয়া (Agoraphobia)
এটি এমন এক ধরনের তীব্র ভয়, যেখানে ব্যক্তি এমন কোনো জায়গায় থাকতে ভয় পান যেখান থেকে জরুরি প্রয়োজনে বেরিয়ে আসা বা সাহায্য পাওয়া কঠিন হতে পারে। যেমন- বিমানে বা গণপরিবহনে ভ্রমণের সময়, অথবা জনাকীর্ণ স্থানে লাইনে দাঁড়িয়ে থাকার সময় কেউ প্রচণ্ড আতঙ্ক বা উদ্বেগের শিকার হতে পারেন।
বিচ্ছেদজনিত উদ্বেগ (Separation Anxiety)
প্রিয়জন দূরে চলে গেলে কেবল ছোট শিশুরাই যে ভয় বা উদ্বেগ অনুভব করে তা নয়, যে কেউ এই সমস্যায় আক্রান্ত হতে পারে। নিকটস্থ কেউ চোখের আড়াল হলে ব্যক্তি তীব্র উদ্বেগ বা ভয়ের সম্মুখীন হতে পারে; এক্ষেত্রে প্রায়শই মনে হতে পারে, তাদের সাথে হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে।
অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার (Obsessive Compulsive Disorder বা OCD)
অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার (OCD)-তে আক্রান্ত ব্যক্তিদের মনে বারবার অনাকাঙ্ক্ষিত চিন্তা বা ভয়ের উদ্রেক হয়, যা উদ্বেগের সৃষ্টি করে। এই উদ্বেগ থেকে মুক্তি পাওয়ার জন্য তারা বারবার একই ধরনের কাজ বা আচরণ করতে থাকেন। উদাহরণস্বরূপ, যারা জীবাণু, ময়লা বা দূষণ নিয়ে আতঙ্কিত থাকেন, তারা হয়তো বারবার হাত ধোয়ার বা ঘরের জিনিসপত্র পরিষ্কার করার মতো কাজগুলো করে থাকেন।
পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (Post-Traumatic Stress Disorder বা PTSD)
কোনো অত্যন্ত বেদনাদায়ক ঘটনা; যেমন, দুর্ঘটনা বা শারীরিক আক্রমণ যা কোনো ব্যক্তি নিজে প্রত্যক্ষ করেছেন বা যার সম্মুখীন হয়েছেন, তার পরবর্তী সময়ে PTSD দেখা দিতে পারে। যেহেতু সেই ঘটনার স্মৃতি বারবার ফিরে আসে, তাই আক্রান্ত ব্যক্তির পক্ষে ঘুমানো বা শান্ত থাকা কঠিন হয়ে পড়ে।
উদ্বেগজনিত ব্যাধির কারণসমূহ (Causes of Anxiety Disorders)
উদ্বেগজনিত ব্যাধি (Anxiety Disorders) কোনো একটি নির্দিষ্ট কারণে সৃষ্টি হয় না। সাধারণত, বিভিন্ন শারীরিক, মনস্তাত্ত্বিক ও পরিবেশগত উপাদানের জটিল মিথস্ক্রিয়ার ফলে এই মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। উদ্বেগজনিত ব্যাধির প্রধান কারণগুলো নিম্নে আলোচনা করা হল-
জেনেটিক বা বংশগত (Genetics)
উদ্বেগজনিত ব্যাধি (Anxiety disorders) বংশগত হতে পারে।
পারিবারিক ইতিহাস (Family history)
যাদের পরিবারে (যেমন মা, বাবা বা ভাই-বোন) মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে উদ্বেগজনিত ব্যাধি হওয়ার সম্ভাবনা বা ঝুঁকি বেড়ে যায়। উদাহরণস্বরূপ, অবসেসিভ-কমপালসিভ ডিসঅর্ডার (OCD) পরিবারের সদস্যদের মধ্যে দেখা যেতে পারে।
মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা (Chemical imbalance)
কিছু গবেষণায় দেখা গেছে যে, মস্তিষ্কের যে অংশগুলো ভয় ও আবেগ নিয়ন্ত্রণ (যেমন- অ্যামিগডালা) করে, সেখানকার রাসায়নিক উপাদান বা নিউরোট্রান্সমিটার (যেমন- সেরোটোনিন ও ডোপামিন)-এর কার্যপদ্ধতিতে কোনো অসামঞ্জস্য বা ভারসাম্য নষ্ট হলে তীব্র উদ্বেগ সৃষ্টি হতে পারে।
পরিবেশগত চাপ (Environmental stress)
এর অর্থ হল এমন সব চাপপূর্ণ ঘটনা যা ব্যক্তি শৈশবে বা অতীতে প্রত্যক্ষ করেছে বা যার মধ্য দিয়ে গেছে। শৈশবে নির্যাতন বা অবহেলা, প্রিয়জনের মৃত্যু, কোনো হামলার শিকার হওয়া কিংবা সহিংসতা প্রত্যক্ষ করার মতো ঘটনাগুলো প্রায়শই উদ্বেগজনিত ব্যাধি সৃষ্টির সাথে যুক্ত থাকে।
অতিরিক্ত মানসিক চাপ (Stressful events)
কর্মক্ষেত্রের চাপ, প্রিয়জনের বিয়োগ বা জটিল ব্যক্তিগত সম্পর্ক এসব বিষয়ও উদ্বেগের লক্ষণগুলোকে উসকে দিতে পারে।
মাদকদ্রব্যের ব্যবহার অথবা মাদক প্রত্যাহার (Use of drugs or Drug withdrawal)
উদ্বেগজনিত লক্ষণগুলোকে সাময়িকভাবে ঢেকে রাখতে বা কমিয়ে ফেলতে অনেকে বিভিন্ন মাদক বা নেশাজাতীয় দ্রব্য ব্যবহার করে থাকে। অ্যালকোহল, মাদক বা অতিরিক্ত মাত্রায় ক্যাফেইন (চা/কফি) ও নিকোটিন গ্রহণ করলে সাময়িক স্বস্তি মিললেও তা দীর্ঘমেয়াদে উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দেয়। এছাড়া, যারা নিয়মিত মাদক সেবন করেন বা মাদকে আসক্ত তারা হঠাৎ করে মাদক সেবন বন্ধ করে দিলেও উদ্রেকের মাত্রা বেড়ে যেতে পারে।
শারীরিক অসুস্থতা (Medical conditions)
হৃদরোগ, ফুসফুসের সমস্যা বা থাইরয়েডজনিত ব্যাধির মতো কিছু শারীরিক অসুস্থতা উদ্বেগের মতোই লক্ষণ সৃষ্টি করতে পারে অথবা বিদ্যমান উদ্বেগের মাত্রাকে বাড়িয়ে দিতে পারে। তাই, স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে উদ্বেগ নিয়ে আলোচনার সময় একটি পূর্ণাঙ্গ শারীরিক পরীক্ষা করানো অত্যন্ত জরুরি, যাতে অন্য কোনো অন্তর্নিহিত শারীরিক সমস্যা আছে কি না তা নিশ্চিত হওয়া যায় বা শনাক্ত করা সম্ভব হয়।
উদ্বেগজনিত ব্যাধির চিকিৎসা (Treatment of Anxiety Disorders)
উদ্বেগজনিত সমস্যা (Anxiety Disorders) থেকে মুক্তি পাওয়া সম্ভব; তবে এই সমস্যাগুলোর গুরুত্বকে কখনোই খাটো করে দেখা উচিত নয়। যদি কোনো ব্যক্তির উপরে (উদ্বেগের লক্ষণসমূহ) উল্লিখিত লক্ষণগুলোর কোনো টি দেখা দেয়, তবে পেশাদার পরামর্শ নেওয়া এবং চিকিৎসা গ্রহণ করা বুদ্ধিমানের কাজ হবে। সাধারণত সাইকোথেরাপি (Psychotherapy) বা মনস্তাত্ত্বিক চিকিৎসা, ওষুধ অথবা উভয় পদ্ধতির সমন্বয়ে উদ্বেগজনিত ব্যাধির চিকিৎসা করা হয়। যেহেতু উদ্বেগ নিয়ন্ত্রণের অনেক উপায় রয়েছে, সেহেতু সুনির্দিষ্ট প্রয়োজনের জন্য সবচেয়ে উপযুক্ত চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করতে একজন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। উদ্বেগজনিত ব্যাধির প্রধান চিকিৎসা পদ্ধতিগুলো নিম্নে আলোচনা করা হল-
সাইকোথেরাপি (Psychotherapy)
সাইকোথেরাপি বা “Talk therapy” (মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে আলাপ-চারিতার মধ্য দিয়ে সমস্যার মূল কারণগুলি খুঁজে বের করা এবং তা মোকাবিলার উপায় বের করাই হল সাইকোথেরাপি) উদ্বেগজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে। এই চিকিৎসা পদ্ধতি ব্যক্তির সুনির্দিষ্ট উদ্বেগের বিষয়গুলোর ওপর আলোকপাত করে।
জ্ঞানমূলক আচরণগত চিকিৎসা (Cognitive Behavioural Therapy)
জ্ঞানমূলক আচরণগত চিকিৎসা (CBT) হল সাইকোথেরাপির একটি ধরন, যা উদ্বেগজনিত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে পারে। এটি ব্যক্তিকে নতুনভাবে চিন্তা করতে ও আচরণ করতে, এবং যেসব বস্তু বা পরিস্থিতি উদ্বেগ বা ভয়ের উদ্রেক করে, সেগুলোর প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে সাহায্য করে। এর ‘Cognitive’ বা জ্ঞানমূলক অংশের মূল লক্ষ্য হল- উদ্বেগের মূলে থাকা ক্ষতিকর বা বিকৃত চিন্তাধারাগুলোকে শনাক্ত করা, সেগুলোকে চ্যালেঞ্জ করা এবং শেষ পর্যন্ত নিষ্ক্রিয় করে ফেলা। এছাড়া, CBT সামাজিক দক্ষতার শিখনে ও অনুশীলনে সহায়তা করে, যা বিশেষ করে সামাজিক উদ্বেগজনিত সমস্যার (Social Anxiety Disorder) চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এক্সপোজার থেরাপি (Exposure therapy)
অন্যদিকে, ‘এক্সপোজার থেরাপি’ ব্যক্তিকে তার ভয়ের উৎসগুলোর মুখোমুখি হতে সাহায্য করে, যে নির্দিষ্ট পরিস্থিতি বা বস্তুর কারণে ভয় বা উদ্বেগ তৈরি হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে রোগীকে ধীরে ধীরে সেটার মুখোমুখি করানো হয় যাতে ভীতি কেটে যায়, যার ফলে তারা পুনরায় এমন সব কর্মকাণ্ডে অংশ নিতে পারে যা তারা পূর্বে এড়িয়ে চলত।
ওষুধ (Medication)
যদিও ওষুধ উদ্বেগজনিত সমস্যার সম্পূর্ণ নিরাময় করতে পারে না, তবে এটি লক্ষণগুলোর তীব্রতা কমাতে বা উপশমে সাহায্য করতে পারে। মনোরোগ বিশেষজ্ঞ বা প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানকারীর মতো চিকিৎসকরা উদ্বেগের জন্য ওষুধ লিখে দিয়ে থাকেন। উদ্বেগজনিত ব্যাধির চিকিৎসায় সাধারণত যেসব ওষুধ ব্যবহৃত হয়, তার মধ্যে রয়েছে অ্যান্টি-অ্যাংজাইটি (Anti-anxiety) বা উদ্বেগ নিরসনকারী ওষুধ (যেমন- benzodiazepines), অ্যান্টিডিপ্রেসেন্ট (Antidepressants) এবং বিটা-ব্লকার (Beta-blockers)।
অ্যান্টি-অ্যাংজাইটি ওষুধ (Anti-Anxiety Medications)
এই ওষুধগুলো উদ্বেগ, প্যানিক অ্যাটাক (হঠাৎ তীব্র ভয়ের অনুভূতি) অথবা অতিরিক্ত দুশ্চিন্তা ও আশঙ্কার লক্ষণগুলো কমাতে সাহায্য করতে পারে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ওষুধের শ্রেণি হল বেনজোডায়াজেপাইন (Benzodiazepines)।
অ্যান্টিডিপ্রেসেন্ট (Antidepressants)
যদিও এগুলো মূলত বিষণ্ণতার চিকিৎসায় ব্যবহৃত হয়, তবে অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধগুলো উদ্বেগজনিত সমস্যার ক্ষেত্রেও বেশ কার্যকর হতে পারে। এগুলো মস্তিষ্কের কিছু রাসায়নিক পদার্থের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে, যা মেজাজ ও মানসিক চাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
উদ্বেগজনিত সমস্যা মোকাবিলা (Coping with Anxiety Disorders)
উদ্বেগকে নিয়ন্ত্রণে রাখার জন্য বিভিন্ন কৌশল আয়ত্ত করা যেতে পারে। ইতিবাচক চিন্তাভাবনা (Positive thinking), মানসিক চাপজনিত ব্যবস্থাপনা (Stress management), স্বাস্থ্যকর জীবনযাপন (Healthy lifestyle) এবং শরীর ও মনের প্রশান্তির (Relaxation) জন্য বিভিন্ন কৌশল অনুশীলন করা এগুলো বহুল ব্যবহৃত কিছু পদ্ধতি। নিজের চেষ্টায় উদ্বেগ সামলানো কঠিন হতে পারে, বিশেষ করে যদি ব্যক্তি তীব্র অস্বস্তি ও অস্থিরতা অনুভব করেন। এমন পরিস্থিতিতে পেশাদার পরামর্শ নেওয়া সবসময়ই ভালো।
আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- American Psychiatric Association. (2022). Anxiety disorders. In Diagnostic and statistical manual of mental disorders (5th ed., text rev.). https://doi.org/10.1176/appi.books.9780890425787.x05_Anxiety_Disorders
- Penninx, B. W., Pine, D. S., Holmes, E. A., & Reif, A. (2021). Anxiety disorders. Lancet (London, England), 397(10277), 914–927. https://doi.org/10.1016/S0140-6736(21)00359-7
- Szuhany, K. L., & Simon, N. M. (2022). Anxiety disorders: A review. JAMA, 328(24), 2431–2445.
- Rosellini, A. J., Tung, E. S., & Brown, T. A. (2019). Anxiety disorders. In B. O. Olatunji (Ed.), The Cambridge handbook of anxiety and related disorders (pp. 309–348). Cambridge University Press. https://doi.org/10.1017/9781108140416.012
- Bluett, E. J., Homan, K. J., Morrison, K. L., Levin, M. E., & Twohig, M. P. (2014). Acceptance and commitment therapy for anxiety and OCD spectrum disorders: An empirical review. Journal of Anxiety Disorders, 28(6), 612–624.






