শিক্ষণ মডেল : ধারণা, তাৎপর্য এবং শ্রেণীকরণ | Models of Teaching

শিক্ষণ মডেল (Models of Teaching) হল এমন এক নীলনকশা, যা শিক্ষাক্ষেত্রের সাথে জড়িত সকল শিক্ষার্থীদের পরিকল্পিতভাবে শিখন লক্ষ্য পূরণে সহায়ক। “শিক্ষণ কেবল নিছক তথ্য আদান-প্রদান নয়, বরং এটি একটি সুশৃঙ্খল শিল্প”। আর এই শিল্পকে সার্থক রূপদানে শিক্ষণ মডেল (Models of Teaching) সহায়ক।
শিখন-শিক্ষণ পারস্পরিক ক্রিয়ার সামগ্রিক ফল। শিক্ষণের এমন কোনো তত্ত্ব গঠন করা সম্ভব নয়, যার দ্বারা সকল শিক্ষকের সকল রকম আচরণ ব্যাখ্যা করা যায়। এই কারণে শিক্ষণের তত্ত্বের বিকল্প হিসেবে শিক্ষামূলক কারিগরি বিদ্যায় শিক্ষণের মডেল গঠনের চেষ্টা করা হয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষণ মডেলের বিকাশ এক নতুন উদ্ভাবন।
শিক্ষণ মডেল (Teaching Model) দুটি শব্দের (শিক্ষণ + মডেল) সার্থক সমন্বয়, সেহেতু প্রথমত এই দুটি শব্দের বিস্তারিত ব্যাখ্যার প্রয়োজন আছে।
শিক্ষণ কী?
শিক্ষণ বা Teaching শব্দটিকে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। Little Oxford Dictionary-তে বলা হয়েছে, “Teaching is impart knowledge or skill give instruction or lesson, instill inspire with.” গ্যাগে (Gage) উল্লেখ করেছেন যে- ‘শিক্ষণ বা শিক্ষাদান, একটি অস্বচ্ছ শব্দ।’ গ্যাগে (Gage)-এর মতে, শিক্ষণ-এর অর্থ ব্যক্তিদের মধ্যেকার যেকোনো প্রভাব, যার লক্ষ্য যখন হয় অন্যব্যক্তিরা যেভাবে আচরণ করতে পারে বা করার সেই পন্থার পরিবর্তন ঘটান। গ্যাগে (Gage)-এর মতে, উত্তম শিক্ষণের তত্ত্ব নির্ভর করে, তিনটি বিষয়ের উপর, এগুলি হল- ১) শিক্ষকগণ কেমন করে আচরণ করেন, ২) কেন তারা আচরণ করেন, ৩) তাদের আচরণের প্রভাব।
মডেল কী?
মডেল বা Model শব্দটি আমরা কোনো গঠনমূলক কাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মডেল বলতে বোঝায় প্রাপ্ত তথ্যগুলি গুছিয়ে সাজিয়ে সেগুলির মধ্যেকার সম্পর্ক দেখা।
শিক্ষণ মডেলের অর্থ
A model of teaching can be defined as instruction and design which describe the process of specifying and producing particular environmental situations which cause the students to interact in such a way that a specific change will occur in their behaviour. অর্থাৎ, শিক্ষণ মডেলকে এমন এক ধরনের নির্দেশদান এবং নকশা হিসেবে সংজ্ঞায়িত করা যেতে পারে, যা নির্দিষ্ট কিছু পরিবেশগত পরিস্থিতি নির্ধারণ ও সৃষ্টির প্রক্রিয়াকে বর্ণনা করে—যে পরিস্থিতিগুলো শিক্ষার্থীদের এমনভাবে পারস্পরিক মিথস্ক্রিয়ায় প্রবৃত্ত করে, যার ফলে তাদের আচরণের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট পরিবর্তন সাধিত হয়।
শিক্ষণ সংক্রান্ত বিভিন্ন সৃজনাত্মক কার্যাবলীর একটি আদর্শ রূপকল্প হল শিক্ষণ মডেল। শিক্ষণ মডেল বলতে বোঝায় এমন একটি পরিকল্পনা বা সংগঠন যেটি ব্যবহার হয় পাঠক্রমের রূপদানে, নির্দেশদানমূলক উপকরণ সাজাতে এবং শ্রেণীকক্ষে ও অন্যান্য পরিস্থিতিতে নির্দেশদানমূলক সহায়তাদানে।
শিক্ষণ মডেলের সংজ্ঞা
শিক্ষণ মডেলের অর্থ ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন মনোবিদ এবং শিক্ষাবিদগণ ভিন্ন ভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন, এগুলি নিম্নরূপ:
ওয়েল ও জয়েস (Weil and Joyce, 1972)-এর মতে, “Teaching model is a plan or pattern which can be used to shape a curriculum or course to select instructional materials and to guide a teacher’s actions.” অর্থাৎ, শিক্ষণ মডেল হল এমন একটি পরিকল্পনা বা বিন্যাস, যা পাঠক্রম বা কোর্স প্রণয়ন, শিক্ষণ উপকরণ নির্বাচন এবং শিক্ষকের কার্যপদ্ধতি নির্দেশনার কাজে ব্যবহৃত হতে পারে।
ওয়েল ও জয়েস (Weil and Joyce, 1978)-এর মতে, “A model of teaching consists of guidelines for designing educational activities and environments. It specifies ways of teaching and learning that are intended to achieve certain kinds of goals.” অর্থাৎ, শিক্ষণ মডেল হল শিক্ষামূলক কার্যক্রম ও পরিবেশ বিন্যাসের নির্দেশিকার সমষ্টি। এটি এমন সব শিক্ষণ ও শিখন পদ্ধতির রূপরেখা প্রদান করে, যা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে প্রণীত।
শিক্ষণ মডেলের বৈশিষ্ট্য
উত্তম শিক্ষণ মডেলের কিছু সাধারণ ও শনাক্তযোগ্য বৈশিষ্ট্য হল-
শিখন ফলের সুনির্দিষ্টকরণ
শিক্ষণ মডেলসমূহ সুনির্দিষ্টভাবে উল্লেখ করে যে, একটি শিক্ষাক্রম সম্পন্ন করার পর শিক্ষার্থীদের কী ধরনের কার্যসম্পাদন করা উচিত।
পরিবেশের সুনির্দিষ্টকরণ
একটি শিক্ষণ মডেল অত্যন্ত সুনির্দিষ্টভাবে সেই পরিবেশগত শর্তাবলি বা পরিস্থিতি নির্দেশ করে, যার অধীনে শিক্ষার্থীর প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা প্রয়োজন।
কার্যসম্পাদনের মানদণ্ড সুনির্দিষ্টকরণ
একটি শিক্ষণ মডেল কার্যসম্পাদনের সেই মানদণ্ডটি নির্ধারণ করে দেয়, যা শিক্ষার্থীদের কাছ থেকে প্রত্যাশিত।
কার্যপ্রণালীর সুনির্দিষ্টকরণ
একটি শিক্ষণ মডেল সেই কার্যপদ্ধতি বা কৌশলটি নির্দেশ করে, যা শিক্ষার্থীদের প্রতিক্রিয়া প্রকাশ এবং পরিবেশের সাথে তাদের মিথস্ক্রিয়া নিশ্চিত করে।
উপরিউক্ত সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণে বলা যেতে পারে, শিক্ষণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে নতুন আচরণের সৃষ্টি, শিখন পরিবেশ এবং গঠনমূলক নির্দেশদানের ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য প্রতিরূপ-কে শিক্ষণ মডেল বলে।
শিক্ষণ মডেলের উদ্দেশ্য
- শিক্ষার্থীদের তথ্য সরবরাহ করা।
- শিক্ষার্থীদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়ার উন্নতি ঘটানো।
- শিক্ষার্থীদের নিজস্ব ব্যক্তিগত গুণাবলীর সরবরাহ করা।
- শিক্ষার্থীদের আচরণধারাকে উন্নত করা।
শিক্ষণ মডেলের তাৎপর্য/গুরুত্ব
শিক্ষণ মডেল (Teaching Model) হল একটি কাঠামো বা পরিকল্পনা, যা শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য শিক্ষণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও আকর্ষণীয় করে তোলে। শিক্ষণ মডেলের তাৎপর্য/গুরুত্ব নিচে উল্লেখ করা হল-
পাঠক্রম তৈরিতে
শিক্ষণ মডেল শিক্ষাক্রমকে এমনভাবে সাজাতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের জন্য বোধগম্য এবং আকর্ষণীয় হয়। এটি বিষয়বস্তু নির্বাচন, শিক্ষণ উপকরণ তৈরি এবং মূল্যায়নের একটি সুস্পষ্ট কাঠামো প্রদান করে।
শিক্ষণ পদ্ধতি নির্বাচন
বিভিন্ন শিক্ষণ মডেল বিভিন্ন ধরনের শিখন শৈলী এবং পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি হয়। শিক্ষক এই মডেলগুলি ব্যবহার করে তাদের শিক্ষার্থীদের জন্য উপযুক্ত পদ্ধতি নির্বাচন করতে পারেন, যা তাদের শেখার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক।
শিক্ষার্থীদের সক্রিয়তা বৃদ্ধি
অনেক শিক্ষণ মডেল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের উপর জোর দেয়, যেমন- দলগত কাজ, বিতর্ক, এবং সমস্যা সমাধান। এটি শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা, যোগাযোগ এবং সমালোচনামূলক চিন্তাভাবনার দক্ষতা বিকাশে সহায়তা করে।
শিক্ষণ উপকরণ নির্বাচন
শিক্ষণ মডেল শিক্ষকের জন্য উপযুক্ত শিক্ষোপকরণ (যেমন- টেক্সটবুক, চার্ট, অডিও-ভিডিও উপকরণ) নির্বাচন করতে সাহায্য করে। এটি নিশ্চিত করে যে উপকরণগুলি শিক্ষার্থীদের বয়স এবং শিখন শৈলীর সাথে সংগতিপূর্ণ।
শিক্ষণ মডেলের মৌলিক উপাদানসমূহ
কোনো মডেল ব্যবহার করার জন্য শিক্ষককে অবশ্যই মডেলটির তাত্ত্বিক ভিত্তি এবং বাস্তব প্রয়োগ সম্পর্কে জানতে হবে। একটি শিক্ষণ মডেলের ছয়টি মৌলিক উপাদান আছে। যথা-
কেন্দ্রবিন্দু (Focus)
কেন্দ্রবিন্দু বা Focus হল শিক্ষণ মডেলের মূল ভিত্তি। এটি লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ, তাত্ত্বিক নির্দেশাবলী এবং মডেলটির ভিত্তি হিসেবে কাজ করে, যা বিবিধ নীতি ও ধারণাগুলোকে বর্ণনা করে। এটি শিক্ষণ পরিবেশের বিবরণও প্রদান করে। সুতরাং, ফোকাস মূলত শিক্ষণের উদ্দেশ্যসমূহ এবং পরিবেশের বিবরণ নিয়ে গঠিত।
বিন্যাস (Syntax)
বিন্যাস বা সিনট্যাক্সের অন্তর্ভুক্ত হল শিক্ষাদানের জটিল কর্মসূচিটি সংগঠনে জড়িত ধাপগুলোর ক্রম।
সামাজিক ব্যবস্থা বা তন্ত্র (Social System)
সামাজিক ব্যবস্থাটি শিক্ষার্থী ও শিক্ষকের ভূমিকা ও পারস্পরিক সম্পর্ক, এবং সেখানে কোনো ধরনের রীতিনীতি উৎসাহিত করা হয়—তা বর্ণনা করে। বিভিন্ন মডেলে শিক্ষকদের নেতৃত্বের ভূমিকা ব্যাপকভাবে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কোনো কোনো মডেলে শিক্ষক হয়তো কেবল একজন পর্যবেক্ষক কিংবা দলগত কার্যক্রমের একজন সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করেন; আবার অন্য কোনো কোনো মডেলে শিক্ষকই হতে পারেন সেই কার্যক্রমের কেন্দ্রবিন্দু।
প্রতিক্রিয়ার নীতি (Principles of Reaction)
এই দিকটি শিক্ষককে নির্দেশ দেয় যে, তিনি কীভাবে শিক্ষার্থীর প্রতি দৃষ্টিভঙ্গি পোষণ করবেন এবং শিক্ষার্থী যা করে, তার প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। প্রতিক্রিয়ার নীতিসমূহ শিক্ষককে এমন কিছু সাধারণ নির্দেশিকা প্রদান করে, যার সাহায্যে তিনি শিক্ষার্থীদের মনোজগৎ অনুধাবন করতে এবং উপযুক্ত মডেল নির্বাচন করতে পারেন।
সহযোগী তন্ত্র (Support System)
সহযোগী তন্ত্র শিক্ষকের সাধারণ মানবিক দক্ষতা বা সামর্থ্য এবং সাধারণ শ্রেণীকক্ষে সচরাচর উপলব্ধ সুযোগ-সুবিধাগুলো ব্যতীত অন্যান্য অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়াবলীর সাথে সম্পর্কিত। এই প্রয়োজনীয় বিষয়গুলোর মধ্যে রয়েছে শিক্ষকের বিশেষ দক্ষতা ও বিশেষ জ্ঞান, এবং বিশেষ ধরনের শ্রবণ-দর্শন উপকরণ, যেমন- চলচ্চিত্র, স্ব-শিক্ষণ সামগ্রী, বিশেষ কোনো স্থান পরিদর্শন ইত্যাদি।
প্রয়োগ (Application)
বিভিন্ন ধরনের শিক্ষণ মডেল প্রচলিত রয়েছে। কোনো কোনো মডেল সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, আবার অন্যগুলোর রয়েছে অত্যন্ত ব্যাপক ও সাধারণ প্রয়োগ। উদাহরণস্বরূপ, কিছু মডেল সামাজিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রণীত; আবার কিছু মডেল শিক্ষাগত ও ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত।
শিক্ষণ মডেলের সীমাবদ্ধতা
শিক্ষণ মডেলের সীমাবদ্ধতাগুলি নিম্নে উল্লেখ করা হল-
- সকল ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষণ মডেল কার্যকরী নয়।
- সক্রিয় শিক্ষণ মডেলগুলির জন্য প্রায়শই অধিক সময় ব্যয় হয়।
- শিক্ষণ মডেলগুলি অধিক সরলীকৃত ব্যাখ্যাদানে অক্ষম।
- নির্বাচিত শিক্ষণ মডেলটি শিক্ষার্থীদের নির্দিষ্ট চাহিদার পরিবর্তে শিক্ষকের স্বাচ্ছন্দ্যকে প্রতিফলিত করতে পারে।
শিক্ষণ মডেলের শ্রেণিবিন্যাস
জয়েস ও ওয়েল (Joyce and Weil, 1978) লক্ষ্য করেন যে, শিক্ষণ মডেলের সংখ্যা অত্যন্ত ব্যাপক। এগুলি বিভিন্ন সময়ে বিভিন্ন শিক্ষাবিদ, মনোবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, তন্ত্র বিশ্লেষক, মনোরোগ বিশেষজ্ঞ এবং আরও অনেকের দ্বারা উদ্ভাবিত হয়েছে। জয়েস ও ওয়েল এই মডেলগুলোকে চারটি শ্রেণীতে বিভক্ত করেছেন। সেগুলি হল-
- তথ্য প্রক্রিয়াকরণ মডেলসমূহ (Information Processing Model)
- ব্যক্তিগত বিকাশমূলক মডেলসমূহ (Personal Development Model)
- সামাজিক প্রতিক্রিয়া মডেলসমূহ (Social Interaction Model)
- আচরণ পরিবর্তন মডেলসমূহ (Behavioural Modification Model)
উপরোক্ত চারটি মডেল এবং এই পরিবারের অন্তর্গত কয়েকটি মডেলের নাম নিম্নে চিত্রের মাধ্যমে তুলে ধরা হল-

আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- ইসলাম, নূরুল। শিক্ষা-প্রযুক্তিবিদ্যার রূপরেখা। শ্রীধর প্রকাশনী, কলকাতা।
- চেল, মদনমোহন এবং নাগ, শর্মিলা। প্রাসঙ্গিক শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান, প্রগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা।
- সেন, মলয় কুমার। শিক্ষা প্রযুক্তিবিজ্ঞান। সোমা বুক এজেন্সি, কলকাতা।
- পাল, দেবাশিস., বেহেরা, সন্তোষ কুমার এবং পাণ্ডে, প্রণয়। শিক্ষায় প্রযুক্তিবিদ্যা। রীতা পাবলিকেশন, কলকাতা।






