গবেষণার অর্থ এবং সংজ্ঞা (Meaning and Definition of Research)

গবেষণার অর্থ এবং সংজ্ঞা (Meaning and Definition of Research)-কে বিশ্লেষণ করলে দেখা যায় এটি কেবল নিছক একটি তথ্য সংগ্রাহক কিংবা তথ্য বিশ্লেষণের প্রক্রিয়া নয়, এটি অজানা-কে জানার এক নিরন্তর প্রক্রিয়া। সহজ ভাষায়, গবেষণা (research) হল জ্ঞানের ভাণ্ডার-কে সমৃদ্ধ করার লক্ষ্যে পরিচালিত এক সৃজনশীল কাজ বা উদ্ভাবনী কর্মকাণ্ড। আজকের এই আর্টিকেলে আমরা গবেষণার অর্থ, বিদ্বজ্জনদের দেওয়া সংজ্ঞা, এবং গবেষণার বৈশিষ্ট্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করবো।
গবেষণার অর্থ
গবেষণা হল সত্য অনুসন্ধানের বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিজ্ঞানসম্মত পদ্ধতির প্রয়োগ করে প্রশ্নসমূহের উত্তর অনুসন্ধানই গবেষণার লক্ষ্য। “গবেষণা” শব্দটি এসেছে মধ্য ফরাসি শব্দ “recherche” থেকে, যার অর্থ “to go about seeking” অনুসন্ধান করা। এই শব্দটি এসেছে প্রাচীন ফরাসি শব্দ “recerchier” থেকে, যা “re-” (meaning “back” or “again”) অর্থাৎ, ‘ফিরে আসা’ বা ‘আবার’ এবং “cerchier” (অথবা “sercheir”) এর সংমিশ্রণ, যার অর্থ (“to search”) “অনুসন্ধান করা”। অতএব, গবেষণা শব্দটির অর্থ “পুনরায় অনুসন্ধান করা” বা “নিবিড়ভাবে অনুসন্ধান করা”। এই সকল পূর্ব অনুসন্ধানকৃত বিষয়গুলিকে পুনরায় অনুসন্ধান বা উন্নতি সাধনের প্রক্রিয়াকেই গবেষণা বলা হয়।
গবেষণা (research) শব্দটি মানুষের সাফল্যের সাথে জড়িত। সৃষ্টির আদিকাল থেকে মানুষ একের পর এক আবিষ্কার করে চলেছে আর এই আবিষ্কারের মাধ্যম হল গবেষণা, গবেষণা মানুষকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। সাধারণভাবে আমরা গবেষণা বলতে তাকেই বুঝি যেটি পর্যবেক্ষণ, অনুসন্ধান এবং পরীক্ষামূলক বিশ্লেষণের মাধ্যমে নতুন কোনো তথ্য কিংবা চিন্তা মানুষের সামনে উপস্থাপন করে। গবেষণা মানেই নতুন কিছু আবিষ্কারের জন্য অনুসন্ধান।
গবেষণার সংজ্ঞা
গবেষণা প্রক্রিয়াকে বিশিষ্ট গবেষকগণ নানান দিক থেকে সংজ্ঞায়িত করেছেন, তার মধ্যে থেকে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিম্নে তুলে ধরা হল-
রবার্ট রস (Robert Ross)-এর মতে, “Research is essentially an investigation a recording and as analysis of evidence for the purpose of gaining knowledge.” অর্থাৎ, গবেষণা হল মূলত জ্ঞানার্জনের উদ্দেশ্যে অনুসন্ধান, একটি সমস্যা-কেন্দ্রিক অনুসন্ধান।
গ্রিন (Green)-এর মতে, “Research is definable as the use of standardized procedure, in the search for knowledge.” অর্থাৎ, জ্ঞানের অনুসন্ধানে প্রমিত পদ্ধতির ব্যবহার বা প্রয়োগকে গবেষণা হিসেবে সংজ্ঞায়িত করা যায়।
জন ডব্লিউ. বেস্ট এবং কান (John W. Best and Kahn) বলেছেন, “Research is the systematic and objective analysis and recording of controlled observation that may lead to the development of generalization, principles or theories resulting in prediction and possibility ultimate control of events.” অর্থাৎ, ঘটনার বা তথ্যের সামান্যীকরণ, ফলাফল সম্পর্কে ভবিষ্যৎবাণী, ঘটনার সম্ভাব্য নিয়ন্ত্রণের জন্য বিধিবদ্ধ, উদ্দেশ্যমূলক এবং নিয়ন্ত্রণমূলক পর্যবেক্ষণ-কে বলা হয় গবেষণা।
রোকো (Rocco, 2011)-এর মতে, “Research is a careful investigation or inquiry especially through search for new facts in any branch of knowledge.” অর্থাৎ, গবেষণা হল একটি সযত্ন তদন্ত বা অনুসন্ধান প্রক্রিয়া, বিশেষত জ্ঞানের যেকোনো শাখায় নতুন তথ্য অনুসন্ধানের মাধ্যমে।
সুতরাং, উপরিউক্ত সংজ্ঞা থেকে এটি বোঝা যায় যে, বৈজ্ঞানিক পদ্ধতির সঠিক প্রয়োগের মাধ্যমে নতুন জ্ঞান, নতুন তথ্য এবং সত্যের অনুসন্ধান করার প্রচেষ্টাকে গবেষণা বলা হয়।
গবেষণার বৈশিষ্ট্য
বিভিন্ন গবেষকদের প্রদত্ত সংজ্ঞাগুলি বিশ্লেষণ করে গবেষণার যে সমস্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় সেগুলি হল-
- পদ্ধতিগত : ধারাবাহিকতা এবং প্রতিলিপি-যোগ্যতা নিশ্চিত করার জন্য পদ্ধতি এবং পদক্ষেপগুলি সাবধানতার সাথে পরিকল্পনা করে একটি কাঠামোগত পদ্ধতি অনুসরণ করা হয়।
- উদ্দেশ্যমূলক : গবেষণা প্রক্রিয়া নিরপেক্ষতার সাথে এগিয়ে চলে এবং পক্ষপাত এবং বিষয়গত মতামত দূর করতে সচেষ্ট হয়, এবং নিশ্চিত করে যে ফলাফলগুলি ব্যক্তিগত মতামত বা কুসংস্কারের পরিবর্তে প্রমাণের উপর ভিত্তি করে নির্মিত।
- ধৈর্যশীল কার্যক্রম : গবেষণার জন্য প্রচুর সময়, শ্রম ব্যয় হয়, সেহেতু গবেষক-কে ধৈর্যশীল ও ধীর-স্থির থাকতে হবে।
- বৈধ : এটি যা পরিমাপ করতে চায় তা সঠিকভাবে পরিমাপ করে, গবেষণার প্রশ্নের জন্য গবেষণা উপকরণ বা প্রক্রিয়াটি উপযুক্ত কিনা তা নিশ্চিত করে।
- নির্ভরযোগ্য : বিভিন্ন পরিমাপ বা গবেষণায় ধারাবাহিক ফলাফল পাওয়া যায়, যা নির্দেশ করে যে গবেষণা পদ্ধতিটি স্থিতিশীল এবং নির্ভরযোগ্য।
গবেষণার উদ্দেশ্য
গবেষণা হল সত্য উদ্ঘাটনের জন্য একটি নিরলস কর্ম প্রচেষ্টা। সেহেতু গবেষণার প্রধান উদ্দেশ্য হবে সত্যের অনুসন্ধান এবং তার উদ্ঘাটন। গবেষণা প্রক্রিয়ার প্রধান উদ্দেশ্যগুলি হল-
- অমীমাংসিত সমস্যার সমাধানের পথে অগ্রসর হওয়া।
- সততার সাথে সত্যানুসন্ধান করা।
- নতুন তথ্যের অনুসন্ধান এবং পুরানো তথ্য যাচাইকরণ।
- চলকগুলির কার্যকারণ সম্পর্কে অনুমিত সিদ্ধান্ত যাচাই করা।
উপরি আলোচিত সকল দিক বিশ্লেষণে বলা যেতে পারে, গবেষণা হল সত্য অনুসন্ধানের বা নতুন জ্ঞানার্জনের একটি পদ্ধতিগত এবং বৈজ্ঞানিক প্রক্রিয়া। গবেষণা মূলত তথ্য সংগ্রহ, সংগঠন এবং বিশ্লেষণের মাধ্যমে কোনো সমস্যার সমাধান খোঁজা বা বিদ্যমান জ্ঞান-কে আরও সমৃদ্ধ করার একটি সৃজনশীল চিন্তাভাবনা।
আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- Kothari, C. R. Research Methodology: Methods and Techniques. New Age International Publishers, New Delhi.
- Koul, Lokesh. Methodology of Educational Research. Vikas Publishing House PVT LTD, New Delhi.
- Mangal, S. K., Mangal, Subhra. Research Methodology in Behavioural Sciences. PHI Learning Private Limited, New Delhi.
- Taylor, B., Sinha, G., Ghosal, T. Research Methodology. PHI Learning Private Limited, New Delhi.
- Best, J. W., Kahn J.V. Research in Education. PHI Learning Private Limited, New Delhi.




