শিক্ষার ধারণা | Concept of Education

শিক্ষা (Concept of Education) হল এমন এক প্রক্রিয়া যা আমাদের পরিবর্তনশীল পরিবেশের সাথে সার্থক সংগতিবিধানে সহায়তা করে। প্রকৃত শিক্ষাই পারে সকল ব্যক্তির মধ্যে ঠিক-ভুলের মধ্যেকার সূক্ষ্ম পার্থক্য নির্ণয়ের ক্ষমতা বিকশিত করতে।
এই পৃথিবীতে প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য আলো, জল, বাতাস ও খাদ্য যেমন প্রয়োজন, ঠিক তেমনি দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে কিংবা সংগতি সাধন করতে উপযুক্ত শিক্ষারও প্রয়োজন আছে। সেহেতু, শিক্ষাকে আধুনিক সমাজ গঠনের প্রধান হাতিয়ার হিসেবে চিহ্নিত করা যেতে পারে। শিক্ষা শিশুর চরিত্র গঠনে, মূল্যবোধ সৃষ্টিতে, প্রাক্ষোভিক নিয়ন্ত্রণে এবং সমন্বয় সাধনে সহায়ক একটি প্রক্রিয়া। নিম্নে শিক্ষা সম্পর্কিত বিস্তারিত বিবরণসমূহ তুলে ধরা হল-
শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ
শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায় যে, “শিক্ষা” শব্দটি এসেছে সংস্কৃত ‘শাস্’ ধাতু থেকে, আর অর্থ হল শাসন করা, নিয়ন্ত্রণ করা বা শৃঙ্খলিত করা। অর্থাৎ, শিক্ষা বলতে বোঝায় শিক্ষা-কৌশল। যা নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের অভিমুখে পরিচালনা করা এবং শিক্ষার্থীকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সাহায্য করে থাকে।
শিক্ষার আরও একটি যথার্থ অর্থ হল ‘বিদ্যা’। বাংলায় ‘শিক্ষা’ বা ‘বিদ্যা’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল জানা বা জ্ঞান আহরণ করা বা বিদ্যা আহরণ করা, যা সংস্কৃত ‘বিদ্’ ধাতু থেকে এসেছে।
আবার ইংরেজি “Education” শব্দটি এসেছে লাতিন শব্দ ‘Educere’, ‘Educare’, ‘Educatum’ এবং ‘Educo’ থেকে। এই চারটি শব্দের অর্থ নিম্নে একটি চিত্রের মাধ্যমে দেখানো হল-

চিত্র : শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ
শিক্ষাবিদদের মতে, শিক্ষা প্রক্রিয়ার কাজ হল শুধু মানুষের সুপ্ত সম্ভাবনাকে গড়ে তোলা নয়, সেই সম্ভাবনাকে বাহ্যিকভাবে প্রকাশ করা। সুতরাং, শিক্ষা প্রক্রিয়ার আর একটি কাজ হল ব্যক্তির সুপ্ত সম্ভাবনাকে একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্যের অভিমুখে পরিচালনা করা এবং শিক্ষার্থীকে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সাহায্য করা।
শিক্ষার সংজ্ঞা
বিভিন্ন শিক্ষাবিদ এবং মনিষীগণের দেওয়া সংজ্ঞার ভিত্তিতে শিক্ষাকে আলোচনা করলে, শিক্ষা সম্পর্কে পরিষ্কার ধারণা আয়ত্ত করা সম্ভব। যা সম্বন্ধে নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল-
শিক্ষা সম্পর্কে পাশ্চাত্য শিক্ষাবিদদের ধারণা
প্লেটো (Plato)-বলেছেন, “Education is the capacity to feel pleasure and pain at the right moment. It develops in the body and in the soul of the pupil all the beauty and all the perfection which he is capable of.” অর্থাৎ, শিক্ষা হল সঠিক মুহূর্তে সুখ ও দুঃখ অনুভব করার ক্ষমতা। এটি শিক্ষার্থীর দেহ ও আত্মার মধ্যে তার সামর্থ্যের সবটুকু সৌন্দর্য ও পরিপূর্ণতাকে বিকশিত করে।
রুশো (Rousseau)-এর মতে, “Education of man commences at his birth before he can speak, before he can understand, he is already instructed. Experience is the forerunner of precept. It is the development from within.” অর্থাৎ, মানুষের শিক্ষা তার জন্মের মুহূর্ত থেকেই শুরু হয়। কথা বলার আগে, বোঝার আগেই সে শিক্ষিত হতে শুরু করে। অভিজ্ঞতা হল উপদেশের অগ্রদূত। শিক্ষা হল শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ।
শিক্ষা সম্পর্কে ভারতীয় শিক্ষাবিদদের ধারণা
স্বামী বিবেকানন্দ (Swami Vivekananda)-এর মতে, “Education is the manifestation of the perfection already in man.” অর্থাৎ, শিক্ষাই হল মানুষের অন্তর্নিহিত সত্ত্বার পরিপূর্ণ বিকাশ।
গান্ধিজির (Mahatma Gandhi)-এর মতে, “By Education, I mean an all-round drawing out of the best in the child and man-body, mind and spirit.” অর্থাৎ, শিক্ষা হল ব্যক্তির দেহ, মন ও আত্মার মহৎ গুণের পরিপূর্ণ ও সুসামঞ্জস্য বিবরণ।
শিক্ষার বৈশিষ্ট্য
শিক্ষার প্রাচ্য ও পাশ্চাত্যবাদীদের সংজ্ঞা বিশ্লেষণে শিক্ষার যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়, তা নিম্নে উল্লেখ করা হল-
- শিক্ষা হল একটি বহুমুখী সামাজিক প্রক্রিয়া।
- শিক্ষা হল একটি গতিশীল প্রক্রিয়া, যা ব্যক্তির জীবনে পরিবর্তন আনতে সক্ষম।
- শিক্ষা এক জীবনব্যাপী ধারাবাহিক প্রক্রিয়া যা ব্যক্তির বিভিন্ন সুপ্ত সম্ভাবনার যথাযথ বিকাশের সুযোগ করে দেয়।
- শিক্ষা ব্যক্তিকে গতিশীল সমাজের সাথে সার্থক সংগতিবিধানে সহায়তা করে।
উপরিউক্ত সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণে বলা যেতে পারে, শিক্ষা হল একটি জীবনকালব্যাপী গতিশীল সামাজিক প্রক্রিয়া যা ব্যক্তির সর্বাঙ্গীণ বিকাশসাধনের মাধ্যমে শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা বা শক্তিগুলির প্রকাশ এবং সেই সঙ্গে সমাজের সংরক্ষণ ও উন্নয়নে সাহায্য করে।
আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- Ravi, S. Samuel. A Comprehensive Study of Education. PHI Learning Private Limited, Delhi.
- পাল, অভিজিৎ কুমার। শিক্ষা দর্শনের রূপরেখা। ক্লাসিক বুকস, কলকাতা।
- ঘোড়াই, নিমাই চাঁদ। শিক্ষাদর্শন ও সামাজিক শিক্ষা। সাঁতরা পাবলিকেশন প্রা. লি., কলকাতা।






