|

ব্যক্তিগত এবং দলগত পরামর্শদান – অর্থ, গুরুত্ব | Individual and Group Counselling

ব্যক্তিগত এবং দলগত পরামর্শদান (Individual and Group Counselling)- এই বিষয়টি বেশ গভীর এবং বর্তমান সময়ে অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যক্তিগত ও দলগত পরামর্শদান উভয় প্রক্রিয়াই বিভিন্ন ব্যক্তিবর্গের বৈচিত্র্যময় জীবনকেন্দ্রিক সমস্যার সমধানে সহায়ক কিন্তু, এদের সংগঠন অনুযায়ী এদের সমস্যার সমধানের ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

ব্যক্তিগত ও দলগত পরামর্শদান শুধুমাত্র একটি সহায়তাদানের প্রক্রিয়া নয়, বরং জীবনকে একটি নতুন আঙ্গিকে দেখার একটি শক্তিশালী মাধ্যম রূপে আত্মপ্রকাশ করেছে। মনস্তাত্ত্বিক সহায়তাদানের ক্ষেত্রে ব্যক্তিগত এবং দলগত পরামর্শদান ভিন্ন কিন্তু পরিপূরক পদ্ধতি। আজকের আর্টিকেলে আমাদের আলোচনার বিচার্য বিষয় হল- ব্যক্তিগত এবং দলগত পরামর্শদান – অর্থ, বৈশিষ্ট্য এবং গুরুত্ব (Individual and Group Counselling – Meaning, Characteristics and Importance)।

 

ব্যক্তিগত পরামর্শদান

ব্যক্তিগত পরামর্শদানের অর্থ

ব্যক্তিগত পরামর্শদান হল পরামর্শদাতা এবং পরামর্শগ্রহীতার মধ্যে মুখোমুখি সম্পর্ক স্থাপনের মাধ্যমে পরামর্শগ্রহীতার সমস্যা সমাধানের জন্য পরামর্শদাতা দ্বারা প্রদত্ত নির্দেশিকা এবং পরামর্শদান প্রক্রিয়া। ব্যক্তিগত পরামর্শদান হল শিক্ষাক্ষেত্রে কিংবা শিক্ষামূলক পরিবেশে শিক্ষার্থীর মনস্তাত্ত্বিক বা অভিযোজন সম্বন্ধীয় সমস্যার সমাধানের জন্য, পরামর্শদাতা একজন শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে কোনো কৌশল সরবরাহ করে। এই প্রক্রিয়ায় পরামর্শদাতা ব্যক্তির অনুভূতির স্তরে কাজ করে থাকেন, এবং পরামর্শদানের সফলতা নির্ভর করে পারস্পরিক সম্পর্ক গঠনের উপর।

কোনো ব্যক্তিকে এককভাবে পরামর্শ দেওয়াকে ব্যক্তিগত পরামর্শদান বলা হয়ে থাকে অথবা বলা যেতে পারে, যখন কোনো একটি নির্দিষ্ট ব্যক্তির সমস্যাকে কেন্দ্র করে পরামর্শদান প্রক্রিয়াটি চালিত হয় তখন তাকে ব্যক্তিগত পরামর্শদান বলে।

ব্যক্তিগত পরামর্শদানের বৈশিষ্ট্য

ব্যক্তিগত পরামর্শদানের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল-

  1. সম্পূর্ণ প্রক্রিয়াটি একজনকে ঘিরে পরিচালিত হয়।
  2. বন্ধুত্বপূর্ণ আবহে পরিচালিত হয়।
  3. দৈনন্দিন জীবনের যেকোনো ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে।
ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব

দৈনন্দিন জীবনের নানান সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তিগত পরামর্শদানের গুরুত্ব নিম্নরূপ :

  1. এই ধরনের পরামর্শদানে, শিক্ষার্থী বা পরামর্শগ্রহীতা পরামর্শদাতার কাছ থেকে আরও ব্যক্তিগত মনোযোগ পেয়ে থাকে।
  2. এই ধরনের পরামর্শদানে পরামর্শগ্রহীতা এবং পরামর্শদাতার মধ্যে একটি সুসম্পর্ক গড়ে ওঠে।
  3. এই ধরনের পরামর্শদান একজন শিক্ষার্থীকে উন্নত জীবনের পথ দেখায় এবং শিক্ষার্থীকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
  4. এখানে শিক্ষার্থী বা ব্যক্তি তাদের সমস্যাগুলি একা নির্জন, নিরাপদ পরিবেশে শুধুমাত্র একজন বিশ্বস্ত পরামর্শদাতার সামনে প্রকাশ করার সুযোগ পান। ফলে শিক্ষার্থীরা যথাযথ পরামর্শ গ্রহণের সুযোগ পায়।

 

দলগত পরামর্শদান

দলগত পরামর্শদানের অর্থ

দলগত পরামর্শদান হল ব্যক্তিগত (একক) পরামর্শদানের একটি সম্প্রসারিত রূপ। যেখানে একাধিক ব্যক্তিকে একত্রে পরামর্শ দেওয়া হয়ে থাকে। অর্থাৎ, একাধিক ব্যক্তির ভবিষ্যৎ সমস্যার প্রতিরোধে দলগত পরামর্শ প্রদান করা হয়। দলগত পরামর্শদান হল এমন একটি অবস্থা যেখানে সাধারণ সমস্যা সম্বলিত একাধিক ব্যক্তিকে নিয়ে একটি দল বা গোষ্ঠী গঠন করা এবং তাদের সমস্যা সমাধানে সাহায্য করা হয়।

দলগত পরামর্শদান প্রক্রিয়ায় ব্যক্তিরা একত্রে তাদের সমস্যাগুলি অন্বেষণ করে এবং একত্রে সমাধান সূত্র খুঁজে পাবার চেষ্টা করে। এইভাবে দলগত পরামর্শদান দলভুক্ত ব্যক্তিদের মধ্যে শক্তিশালী শিখন অভিজ্ঞতা ও তাদের সমস্যা ও সমস্যামূলক অন্তর্দৃষ্টি গঠনে সহায়ক হয়। এই প্রকার প্রক্রিয়ায় একদল ব্যক্তির আন্তঃব্যক্তিক উদ্বেগগুলি সমাধান করার জন্য একত্রে বহু পেশাদার পরামর্শদাতা একত্রেও কাজ করে থাকেন।

দলগত পরামর্শদানের বৈশিষ্ট্য

দলগত পরামর্শদানের ক্ষেত্রে যে সকল বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয়, তা নিম্নরূপ:

  1. দলগত পরামর্শদানের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল সামঞ্জস্যতা (একতা বা মিল)।
  2. এক্ষেত্রে পরামর্শগ্রহণকারী ব্যক্তিদের বা শিক্ষার্থীদের একইরকম সমস্যা থাকতে হবে। যেমন- আসন্ন পরীক্ষায় প্রশ্নোত্তরকেন্দ্রিক সমস্যা।
  3. দলগত পরামর্শদান বাস্তবিক জীবনের সমস্যা সম্পর্কে অভিজ্ঞতা অর্জনে দিকে পরিচালিত হয়।
দলগত পরামর্শদানের গুরুত্ব

দৈনন্দিন জীবনের নানান সমস্যা সমাধানের ক্ষেত্রে দলগত পরামর্শদানের গুরুত্ব নিম্নরূপ :

  1. এতে সময় ও অর্থের সাশ্রয় হয়। এই প্রকার পরামর্শদান প্রক্রিয়ায় একত্রে অনেক ব্যক্তির সমস্যার সমাধান করা যায় বলে সময় ও অর্থের সাশ্রয় হয়।
  2. এই প্রকার পরামর্শদান প্রক্রিয়ায় পরামর্শদাতা ও পরামর্শগ্রহীতার মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে।
  3. এই ধরনের পরামর্শদান প্রক্রিয়াগুলি প্রত্যেকের মধ্যে কমবেশি সাধারণ সমস্যাগুলির প্রতি শিক্ষার্থী বা ব্যক্তির মনোভাব এবং আচরণ পরিবর্তন করতে সহায়তা করে।
  4. এই প্রক্রিয়ায় ব্যক্তি একটি দলের মধ্যে থেকে কাজ করায় পরস্পর পরস্পরকে উৎসাহিত করে এবং একজন ব্যক্তির প্রেষণা খুব সহজেই অন্য ব্যক্তির মধ্যে সঞ্চারিত হয়।

 

ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যে পার্থক্য

ব্যক্তিগত ও দলগত পরামর্শদানের মধ্যেকার পার্থক্যগুলি হল-

ব্যক্তিগত পরামর্শদানদলগত পরামর্শদান
(১) ব্যক্তিগত পরামর্শদানের ক্ষেত্রে শিক্ষার্থী বা ব্যক্তিকে এককভাবে পরামর্শ প্রদান করা হয়।(১) দলগত পরামর্শদানের ক্ষেত্রে একসঙ্গে একাধিক শিক্ষার্থী বা ব্যক্তিকে পরামর্শ প্রদান করা হয়ে থাকে।
(২) ব্যক্তিগত পরামর্শ প্রদান প্রক্রিয়ায় শিক্ষার্থী বা পরামর্শগ্রহীতার সম্পর্কে পরামর্শদাতা খুব সহজেই তথ্য সংগ্রহ করতে পারেন। ফলে তার পক্ষে যথাযথ ও উপযুক্ত পরামর্শ প্রদান করা সম্ভব হয়।(২) দলগত পরামর্শদান প্রক্রিয়ায় যেহেতু একাধিক পরামর্শগ্রহীতা থাকেন সেহেতু সকলের সম্পর্কে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়না।
(৩) ব্যক্তিগত পরামর্শ সাধারণত প্রতিকারমূলক। নির্দিষ্ট ব্যক্তির নির্দিষ্ট সমস্যার সমাধানে ব্যক্তিগত পরামর্শ প্রদান করা হয়।(৩) দলগত পরামর্শ সাধারণত প্রতিরোধমূলক। একাধিক ব্যক্তির ভবিষ্যৎ সমস্যার প্রতিরোধে দলগত পরামর্শ প্রদান করা হয়।
(৪) ব্যক্তিগত পরামর্শদানের ক্ষেত্রে সাধারণত প্রত্যক্ষ, পরোক্ষ ও ঐচ্ছিক পরামর্শদান কৌশল অবলম্বন করা যেতে পারে।(৪) দলগত পরামর্শদানের ক্ষেত্রে সাধারণত কর্ম সম্মেলন, বক্তৃতা, নাটক, প্রশ্নোত্তর, সেমিনার ইত্যাদি পদ্ধতি অবলম্বন করা হয়।

 

 

আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন

 

 

সহায়ক গ্রন্থপঞ্জি
  1. দাস, কৌশিক। নির্দেশনা ও পরামর্শদানের মৌলিক নীতিসমূহ। গ্লোবাল নেট পাবলিকেশন, কলকাতা।
  2. Seligman, Linda., Reichenberg, L.W. Theories of Counselling and Psychotherapy. Pearson.
  3. ঘোষ, ড. সনৎ কুমার। শিক্ষায় সঙ্গতি-অপসঙ্গতি এবং নির্দেশনা। ক্লাসিক বুকস্।
  4. নাগ, ড. সুবীর., দত্ত, ড. গার্গী। সঙ্গতিবিধান নির্দেশনা ও পরামর্শদান। রীতা বুক এজেন্সি।
  5. মণ্ডল, ভীম চন্দ্র। শিক্ষায় নির্দেশনা ও পরামর্শের রূপরেখা। সোমা বুক এজেন্সী।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *