পরামর্শদান- অর্থ, সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা | Meaning and Importance of Counselling

পরামর্শদান (Meaning and Importance of Counselling) হল নির্দেশনা কর্মসূচির একটি অংশ। সমাজ যতদিন আছে ততদিন পরামর্শদান কর্মসূচি থাকবে, কেননা বর্তমান পরিস্থিতির সাথে খাপ-খাইয়ে বা মানিয়ে নিতে পরামর্শদান প্রক্রিয়া নানানভাবে সহায়তা প্রদান করে থাকে। সহজ ভাষায় বলতে গেলে, পরামর্শদান হল একটি সহায়তাদানের প্রক্রিয়া।
পরামর্শদানের অর্থ
দৈনন্দিন জীবনে মানুষ নানান উদ্দীপক দ্বারা প্রভাবিত হয়ে থাকে, অনেক ক্ষেত্রে তারা পরিবর্তনশীল পরিবেশের সাথে মানিয়ে নিতে সক্ষম হয় না সেইরূপ পরিস্থিতিতে একজন অভিজ্ঞ ব্যক্তির নিকট হতে যে সমাধান সূত্র নিয়ে থাকে, এবং তা প্রয়োগ করে ব্যক্তিরা আত্মসচেতন, আত্মনির্ভর এবং আত্মনির্দেশনায় পারদর্শী হয়ে ওঠে, সেই প্রক্রিয়াকেই বলা হয় পরামর্শদান। “Counselling” শব্দটি ইংরেজি “to counsel” থেকে উদ্ভূত, যার অর্থ হল- পরামর্শ দেওয়া। পরামর্শদান মনোবিজ্ঞানের একটি ফলিত শাখা। এক্ষেত্রে পরামর্শদাতা কোনো ওষুধপত্র প্রয়োগ না করে, শুধুমাত্র কথাবার্তা কিংবা আলাপ-চারিতার মধ্যেদিয়ে সমস্যা নিরসনের চেষ্টা করে থাকেন।
পরামর্শদানের সংজ্ঞা
বিভিন্ন মনোবিদদের দেওয়া পরামর্শদান সম্পর্কিত সংজ্ঞাগুলি নিম্নে তুলে ধরা হল-
কার্ল রজার্স (Carl Rogers)–এর মতে, “Counselling is a series of direct contact with the individual which aims to offer him assistance in changing his attitudes and behaviours.” অর্থাৎ, পরামর্শদান হল একটি ধারাবাহিক প্রত্যক্ষ সংযোগ স্থাপনের প্রক্রিয়া যার মাধ্যমে নির্দিষ্ট কোনো ব্যক্তির মনোভাব ও আচরণের পরিবর্তন ঘটাতে সহায়তা করে।
রুথ স্ট্র্যাং (Ruth Strang)–এর মতে, “Counselling is a face-to-face relationship in which growth takes place in the counsellor as well as the counselee.” অর্থাৎ, পরামর্শদান হল এমন একটি মুখোমুখি সম্পর্ক যেখানে পরামর্শদাতা এবং পরামর্শগ্রহীতা উভয়ই উন্নতি করে।
পরামর্শদানের বৈশিষ্ট্য
উপরোক্ত পরামর্শদানের ধারণা এবং সংজ্ঞাগুলি বিশ্লেষণে পরামর্শদানের যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তা হল-
- পরামর্শদান প্রক্রিয়ায় দু’জন ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। একজন হলেন সাহায্যপ্রার্থী বা পরামর্শ গ্রহণকারী এবং অপরজন প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তি যিনি পরামর্শ দেবেন।
- পরামর্শদান হল নির্দেশনা কর্মসূচির একটি অংশ।
- পরামর্শদান মূলত ব্যক্তির প্রক্ষোভ ও অনুভূতির সাথে ক্রিয়াশীল।
- পরামর্শদাতা ও পরামর্শগ্রহীতার মধ্যে মুখোমুখি (face-to-face) সম্পর্ক স্থাপিত হয়।
উপরোক্ত সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণে বলা যায়, পরামর্শদান হল এমন একটি প্রক্রিয়া যেখানে পরামর্শদাতা ও পরামর্শগ্রহীতার মধ্যে সুসম্পর্ক স্থাপনের মধ্যেদিয়ে, পরামর্শগ্রহীতার সমস্যামূলক দিকটি চিহ্নিত করে এবং তার সমাধানকল্পে তাকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
পরামর্শদানের প্রয়োজনীয়তা
বর্তমানকালে পরামর্শদানের গুরুত্ব বৃদ্ধির পিছনে বেশকিছু কারণ রয়েছে। মানুষের জীবন ব্যস্ত থেকে ব্যস্ততর হওয়ার সাথে সাথে পরামর্শদানের প্রয়োজনীয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মানুষ জীবনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়, এই সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য প্রত্যেক ব্যক্তি একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে থাকেন। পাঠগ্রহণকালে শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। এবং সে যদি এই সমস্যা সমাধানে সচেষ্ট না হয়, তবে তার অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়। শিক্ষার্থীদের এই বাধা অতিক্রম করার জন্য একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শের প্রয়োজন। কার্যকর পরামর্শদান থেকে শিক্ষার্থীরা নানাভাবে উপকৃত হয়ে থাকে। শিক্ষায় পরামর্শদানের প্রয়োজনীয়তা নিম্নে উল্লেখ করা হল-
- শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক সমস্যাগুলি কীভাবে তাদের পড়াশোনায় খারাপ প্রভাব ফেলতে পারে, সেগুলি মোকাবিলা করার জন্য উপযুক্ত পরামর্শের প্রয়োজন আছে। এই সেশনগুলির মাধ্যমে, শিক্ষার্থীরা কিছু সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে সক্ষম হবে, যা তাদের জীবনের নির্দিষ্ট কিছু সমস্যাগুলি সাথে মোকাবিলা করতে সহায়তা করবে।
- শিক্ষার্থীরা তাদের বিদ্যালয় জীবনে বিভিন্ন পরিস্থিতিতে যেভাবে নানান সমস্যার মুখোমুখি হয় সেগুলি কীভাবে মোকাবিলা করতে হয়, সে বিষয়ে পরামর্শদানের প্রয়োজনীয়তা আছে। উদাহরণস্বরূপ, তাদের কীভাবে নম্রভাবে কথা বলা উচিত বা তাদের সমবয়সীদের সাথে কি রকম ব্যবহার করা উচিত। এই পরামর্শ তাদের নির্দিষ্ট পরিস্থিতিতে কীভাবে আচরণ করা উচিত সে সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে।
- কিছু সমস্যা এমন আছে, যেমন- অ্যালকোহল, যৌনতা, মাদক, ব্যক্তিগত অনুভূতি বা যেকোনো ধরনের অপব্যবহারের সাথে সম্পর্কিত আলোচনা, যা প্রকাশ্যে আলোচনা করা যায় না। কিন্তু উপযুক্ত পরামর্শ গ্রহণে ব্যক্তি নিজ থেকেই তার এই সকল সমস্যার সমাধান নিজেই করতে পারে। পরামর্শদান শিক্ষার্থীদের উন্নততর মানুষ করে তোলে যার ফলস্বরূপ কোন পরিস্থিতিতে তার কি করনীয় তা সম্বন্ধে তার একটি নির্দিষ্ট ধারণা জন্মে।
উপরিউক্ত সকল আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে, একজন ব্যক্তির জীবনে পরামর্শদানের অস্তিত্বকে অস্বীকার করা যায় না।
আরও পোস্ট পড়তে - এখানে ক্লিক করুন
সহায়ক গ্রন্থপঞ্জি- দাস, কৌশিক। নির্দেশনা ও পরামর্শদানের মৌলিক নীতিসমূহ। গ্লোবাল নেট পাবলিকেশন, কলকাতা।
- Seligman, Linda., Reichenberg, L.W. Theories of Counselling and Psychotherapy. Pearson.
- ঘোষ, ড. সনৎ কুমার। শিক্ষায় সঙ্গতি-অপসঙ্গতি এবং নির্দেশনা। ক্লাসিক বুকস্।
- নাগ, ড. সুবীর., দত্ত, ড. গার্গী। সঙ্গতিবিধান নির্দেশনা ও পরামর্শদান। রীতা বুক এজেন্সি।





